কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু

নতুন পয়গাম, রহমতুল্লাহ, সাগরদিঘী: সাগরদিঘী ব্লকের কাবিলপুর তেঘরী কয়ালপাড়া এলাকায় কয়েকজন সমাজসচেতন যুবকের উদ্যোগে পথচলা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ফাউন্ডেশন। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কাজের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তাদের যাত্রা শুরু। সেই লক্ষ্যেই রমজান মাস উপলক্ষে প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের বক্তব্য, নতুন এই সংগঠন ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কাজ করবে বলেই তাদের আশা। মানব সেবা ফাউন্ডেশনের সদস্যরাও জানান, আগামী দিনগুলিতে শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ পরিষেবা সহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে।









































































































