ধূপগুড়িতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু

নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র কড়া নির্দেশের পর বৃহস্পতিবার থেকেই ধূপগুড়িতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করল পুলিশ প্রশাসন। বেপরোয়া বাইক চালক, হেলমেটবিহীন মোটরবাইক আরোহী এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও কর্মীরা শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নাকা চেকিং চালান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি স্টেশন মোড়-সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় অভিযান চালিয়ে হেলমেট ছাড়া বাইক চালকদের আটক করা হয় এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানাও করা হয়। একই সঙ্গে একটি বাইকে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাফেরা করা চালকদেরও সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি বি পি লামা জানান, ধূপগুড়িতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে। কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আজ থেকেই পুনরায় বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রথমে মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি সরকারি নিয়ম মেনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ফাইন ও কেস— দুই প্রক্রিয়াই একসঙ্গে চালানো হবে।” পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে শহরের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।











































































































