ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র

নতুন পয়গাম, কলকাতা, ২৩মে ২০২৬: পবিত্র ঈদুল আজহার দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নির্ধারণ করায় উদ্বেগ প্রকাশ করে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ই-মেইলের মাধ্যমে আবেদন জানিয়েছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া (এসআইও) পশ্চিমবঙ্গ।
এসআইও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিন পরীক্ষা অনুষ্ঠিত হলে বহু শিক্ষার্থী ধর্মীয় দায়িত্ব ও পারিবারিক কর্তব্য পালনে সমস্যার সম্মুখীন হবেন। একইসঙ্গে দূরবর্তী এলাকা থেকে আগত পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টিও বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। এই প্রেক্ষিতে এসআইও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে নিম্নলিখিত তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ই-মেইল পাঠানো হয়েছে—কলেজ অব মেডিসিন অ্যান্ড জে.এন.এম হাসপাতাল, কল্যাণী, ইউনিভার্সিটি অব ক্যালকাটা, গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক।
ই-মেইলে ২৮ মে ২০২৬ তারিখে নির্ধারিত পরীক্ষাগুলি অন্য সুবিধাজনক দিনে পুনর্নির্ধারণ করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পরীক্ষার রুটিন তৈরির সময় গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলিকে বিবেচনায় রাখার অনুরোধও করা হয়েছে। বিশেষত ঈদের দিন ও তার পরের দিন পরীক্ষা না রাখার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এসআইও পশ্চিমবঙ্গের জন সংযোগ সম্পাদক সাফিকুল ইসলাম মন্ডল বলেন, “আমরা বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতি ও বাস্তব সমস্যাগুলিকে সম্মান জানিয়ে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।” সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক ও ছাত্রবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।









































































































