চন্দননগরে ৭০ হাজার চারা বিতরণের দাবি বন দপ্তরের

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি: রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী অরণ্যসপ্তাহ উদযাপনের সমাপ্তি হল সোমবার। এই উপলক্ষ্যে চন্দননগরের রবীন্দ্র ভবনে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। বন দপ্তরের এক আধিকারিক জানান, অরণ্যসপ্তাহ উপলক্ষ্যে জেলায় প্রায় ৭০ হাজার গাছের চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি বিধায়কের হাতে এক হাজার করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করা যায়।
অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গত সাত দিন ধরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত প্রতিটি ছাত্রছাত্রীর হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয়, যাতে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার প্রতি তাদের দায়িত্ববোধ গড়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মহকুমা শাসক, বন দপ্তরের আধিকারিকরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।









































































































