জন্ম-মৃত্যুর শংসাপত্রের নথি খতিয়ে দেখতে হুগলি-চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় পুলিশি অভিযান

দৈনিক জনকন্ঠ, আব্দুল গফফার, হুগলি: জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের ক্ষেত্রে অনিয়ম এবং ভুয়ো শংসাপত্র বিতরণের অভিযোগের তদন্তে রাজ্যজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ হুগলির চুঁচুড়া ও বৈদ্যবাটি পুরসভায় গিয়ে জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিপত্র ও রেজিস্টার খতিয়ে দেখে। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
রাজ্য সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, ১৯৯৭ সাল থেকে নথিভুক্ত সমস্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র পুনরায় যাচাই করা হবে। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত পুরসভা ও পঞ্চায়েতকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সরকারি নির্দেশ মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে নথি তুলে দিচ্ছে পুরসভাগুলি। চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই এই নথি সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, এদিন মুখ্যসচিব মনোজ আগরওয়ালও গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানান, ভবিষ্যতে জন্ম ও মৃত্যু শংসাপত্র আর কোনও পুরপ্রধান বা পঞ্চায়েত প্রধান দিতে পারবেন না। এই দায়িত্ব শুধুমাত্র সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে থাকবে। কোনও নির্বাচিত জনপ্রতিনিধির সেই ক্ষমতা আর থাকবে না। মুখ্যসচিব বলেন, জন্ম-মৃত্যুর শংসাপত্র বিতরণে একাধিক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালে বেশ কিছু ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। পুলিশের কাছেও এ সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে।
তিনি স্পষ্ট করেন, এই যাচাই প্রক্রিয়ায় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচাইয়ের কাজ শুধুমাত্র সরকারি আধিকারিকরাই করবেন, কোনও চুক্তিভিত্তিক কর্মী এই দায়িত্বে থাকবেন না। ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত কোনও আধিকারিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতে জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথি পরীক্ষা করে সম্ভাব্য জালিয়াতি ও অনিয়মের উৎস খুঁজে বের করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

























































































































