জনগণনার কাজে যুক্ত হলে ‘অন্ ডিউটি ‘ হবে কিনা ধন্দে সরকারি কর্মী ও শিক্ষকরা

দৈনিক জনকণ্ঠ: চলতি বছর থেকে ভারতের জনগণনা বা আদম সুমারি কাজকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা । এ রাজ্যের অন্যান্য জেলার ন্যয় মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকাতেও গণনাকারীদের প্রশিক্ষণের জন্য রাজ্যের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা গুলি থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের কাজে সরকারি কর্মী থেকে শিক্ষকদের সহযোগিতা একান্তই প্রয়োজন। প্রায় প্রতিটি জেলায় এই কাজের সাথে যাদেরকে নেওয়া হয়েছে তাদের কাছে চিঠি কিংবা ফোনে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার মহকুমা অথবা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে।
কান্দির মহকুমা শাসকের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মীদের অন্ ডিউটি সংক্রান্ত বিভ্রান্তি দূর করা হয়েছে।
মহকুমা শাসকের চিঠিতে জেলা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক সহ মাধ্যমিক স্কুল পরিদর্শক এবং কান্দি মহকুমার অন্তর্গত সমস্ত সার্কেল এস আই দের উদ্দেশ্যে বলা হয়েছে, কান্দি পৌরসভা এলাকার আওতাধীন আদমশুমারির গণনাকারীদের প্রশিক্ষণ দিন কোন কোন দিন হবে এবং ওই দিন গুলি ওডি হিসাবে গণ্য হবে।
বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীকে গণনাকারী হিসেবে বাছাই করা হয়েছে। তাঁদের যাতে সময়মতো প্রশিক্ষণে পাঠানো যায়, তার জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের যাতে কোনো বিভ্রান্তি না হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।
আদমশুমারির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন কান্দির মহকুমা শাসক। এই একই ধরনের নির্দেশিকা অনুসরণ করে রাজ্যের সর্বত্র সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য একটা সামগ্রিক নির্দেশ বা জিও জারি হোক চাইছেন শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক। তিনি বলেন এর আগে এসআইআর এর কাজে নিযুক্ত শিক্ষকদের অন ডিউটি নিয়েও সমস্যা হয়েছে। আবার জন গণনার কাজেও যাতে একই সমস্যার সম্মুখীন হতে না হয় সেটা দেখা দরকার। অনেকে এই সংক্রান্ত ১৯৪৮ সালের ১৫এ ধারাকে সামনে রেখে একই দাবি করছেন। শুধুমাত্র প্রশিক্ষণের দিন গুলি নাকি অন্যান্য দিন গুলিও বিশেষ করে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করার দিন গুলিও অন ডিউটি পাওয়া যাবে তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন এই কাজে যুক্ত শিক্ষকরা ।

























































































































