ভয়েস পাবলিক স্কুলে আন্তঃক্যাম্পাস ইলোকিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক জনকণ্ঠ, ২৫ জুলাই: ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুলের আয়োজনে শনিবার মঙ্গলজোন কেটলিবাড়ি ক্যাম্পাসে ‘আন্তঃক্যাম্পাস আবৃত্তি ও বাক্পটুতা (Elocution) প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ১৩টি শাখার শিক্ষার্থীরা এতে অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সেন্টারের ডিরেক্টর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিচারকমণ্ডলীতে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আজিমউদ্দিন মণ্ডল, আইিরণ হেমাঙ্গিনী বিদ্যালয়ের শিক্ষক আনারুল মণ্ডল ও আরাফাত গালিব হোসেন, শিক্ষিকা তাহামিনা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ণ মণ্ডল ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর ইমান আলী। বাংলা ইলোকিউশনে চ্যাম্পিয়ন হয়েছে মঙ্গলজোন কেটলিবাড়ি ক্যাম্পাস, দ্বিতীয় দেবগ্রাম ক্যাম্পাস এবং তৃতীয় কলেজিয়েট ক্যাম্পাস। ইংরেজি ইলোকিউশনে চ্যাম্পিয়ন কলেজিয়েট ক্যাম্পাস, দ্বিতীয় মালদা লক্ষ্মীপুর ক্যাম্পাস এবং তৃতীয় দামোহনা ক্যাম্পাস।
বাংলা পর্ব সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অবজারভার মীর আফিকুল আলম, সহায়তায় ছিলেন টিআইসি আমিনুল ইসলাম ও এনায়েত হক। ইংরেজি পর্ব সঞ্চালনা করেন জুনিয়র একাডেমিক হেড সেলিম মালেক রেজা, সহায়তায় ছিলেন শিক্ষক জাহাঙ্গীর সেখ। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান বিশ্বাস ও প্রধান শিক্ষিকা উম্মে মোমে রিনা মুঠোফোনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। সেক্রেটারি ড. জাহাঙ্গীর বিশ্বাস এক বার্তায় বলেন, এই আয়োজন কেবল ট্রফির লড়াই নয়, বরং শিক্ষার্থীদের শৃঙ্খলা, সৌহার্দ্য, প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ।























































































































