কমনওয়েলথ গেমসে ভারতের জয়যাত্রা: মীরাবাই ও ঋষিকান্তের রেকর্ড গড়া পারফরম্যান্স
দৈনিক জনকন্ঠ, মুহাম্মদ শাহবাজ:
২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন ইভেন্টে ভারতের ক্রীড়াবিদরা অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ভারতের তারকা ভারোত্তোলক ও অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু মহিলাদের ৪৮ কেজি বিভাগে স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে নতুন কমনওয়েলথ এবং গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেছেন। গেমসের শুরুটা শুভ ছিল না; প্রথম প্রচেষ্টায় ৮২ কেজি তুলতে তিনি ব্যর্থ হন। তবে মানসিক দৃঢ়তা দেখিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ৮২ কেজি এবং শেষ সুযোগে ৮৫ কেজি তুলে ইতিহাস গড়েন। এটি ২০১৮ ও ২০২২-এর পর কমনওয়েলথ গেমসে তাঁর টানা তৃতীয় সোনা।
পুরুষদের ৬০ কেজি বিভাগে স্ন্যাচে ১২১ কেজি ওজন তুলে নতুন রেকর্ড গড়ে সোনার জোরালো দাবিদার হয়ে উঠেছিলেন ঋষিকান্ত। তবে ক্লিন অ্যান্ড জার্কে ১৫১ কেজি ওজন তোলার চেষ্টায় ব্যর্থ হওয়ায় সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ঝন্ডু কুমার ব্রোঞ্জ পদক এনে দেন, যা ভারোত্তোলন ও পাওয়ারলিফটিং মিলিয়ে ভারতের পদক সংখ্যা আরও বৃদ্ধি করে।

ভারতের ১৮ বছর বয়সী স্কোয়াশ তারকা অনাহত সিংহ জুনিয়র স্কোয়াশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছেন। কানাডার ওন্টারিয়োয় আয়োজিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিশরের দ্বিতীয় বাছাই রুকাইয়া সালেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ ব্যবধানে হারিয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে স্কোয়াশে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন। জুনিয়র পর্যায়ে নিজের শেষ সুযোগটিকে স্বর্ণাক্ষরে লিখে রাখলেন দিল্লির এই তরুণী।
সাফল্যের আনন্দের মাঝেই ডোপিং সংক্রান্ত কেলেঙ্কারিতে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। গত মাসে রোয়িং বিশ্বকাপে লাইটওয়েট ডবল স্কালস ইভেন্টে ৬ মিনিট ২৬.০৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন লক্ষ্য ও উজ্জ্বল কুমার সিংহ। কিন্তু ২৫ মে সংগৃহীত নমুনায় লক্ষ্যের দেহে নিষিদ্ধ স্ট্যানোজ়োলল মেলায় তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। ফলে ঐতিহাসিক সোনা কেড় নেওয়া হয়েছে এবং নাডা লক্ষ্যকে সাময়িক বরখাস্ত করে নোটিস পাঠিয়েছে। অপরাধ প্রমাণিত হলে তিনি চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন। রোয়িংয়ের পাশাপাশি গ্লাসগো কমনওয়েলথ গেমসেও জুডো দলের দুই সদস্য অরুণ কুমার ও তুলিকা মান ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। যা ভারতের অ্যাথলেটিক্স ও ক্রীড়া জগতে উদ্বেগজনক ডোপিং প্রবণতাকে আবার প্রকাশ্যে এনেছে।
জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটনের চোট কমনওয়েলথ গেমসের পুরুষদের জিমন্যাস্টিক্স ফাইনালে এক মারাত্মক দুর্ঘটনার সাক্ষী থাকল ক্রীড়াবিশ্ব। ইংল্যান্ডের ১৯ বছর বয়সী তরুণ জিমন্যাস্ট গ্যাব্রিয়েল ল্যাংটন হরাইজন্টাল বারে পারফর্ম করার সময় হাত ফসকে সোজা ঘাড়ে আছড়ে পড়েন। পড়ে যাওয়ার পর তিনি উঠতে পারেননি। সঙ্গে সঙ্গে খেলা স্থগিত রেখে মেডিক্যাল টিম ফ্লোরেই তাঁর প্রাথমিক চিকিৎসা করে। পরে মাথা ও ঘাড়ে বিশেষ সাপোর্ট লাগিয়ে স্ট্রেচারে করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর ল্যাংটনের জ্ঞান ফিরে আসে এবং তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ও স্বাভাবিকভাবে হাত-পা নাড়াতে সক্ষম হন। সতীর্থ লুক হোয়াইটহাউস ও টিম ইংল্যান্ডের তরফে জানানো হয়েছে যে ল্যাংটন বর্তমানে আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন।








