আবগারি কর্মী সেজে চায়ের দোকানে হানা

দৈনিক জনকণ্ঠ, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়াঃবাঁকুড়ার ইন্দাস থানার হেয়াৎনগর এলাকায় আবগারি দপ্তরের কর্মী পরিচয় দিয়ে একটি চায়ের দোকানে হানা, নগদ টাকা লুট এবং দোকানদারকে অপহরণ করে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল ইন্দাস থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে অগ্রগতি ঘটিয়ে গতকাল রাতে পূর্ব বর্ধমান থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি স্করপিও গাড়িও আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ধৃত অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে ইন্দাস থানার পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২০ জুলাই সন্ধ্যায় হেয়াৎনগর এলাকার একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি নিজেদের আবগারি দপ্তরের কর্মী পরিচয় দিয়ে হানা দেয় বলে অভিযোগ। এরপর দোকান থেকে নগদ টাকা লুটের পাশাপাশি দোকান মালিককে একটি স্করপিও গাড়িতে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করছে ইন্দাস থানার পুলিশ।























































































































