মোড়গ্রাম জাতীয় সড়কের বেহাল দশা

রাণীগঞ্জ–মোড়গ্রাম জাতীয় সড়কের বেহাল দশা: প্রাণহানির আশঙ্কায় ক্ষোভে উত্তাল মানুষ
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
রাণীগঞ্জ থেকে মোড়গ্রাম জাতীয় সড়ক, বিশেষ করে সিউড়ি আবদারপুর থেকে তিলপাড়া ব্যারেজ পর্যন্ত রাস্তা একেবারে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো যানবাহন এই সড়ক ব্যবহার করলেও বছরের পর বছর অবহেলায় রাস্তা ভাঙাচোরা ও গর্তে ভরে গেছে। ভারী ট্রাক, ডাম্পার ও পাথরবোঝাই লরির দাপটে অবস্থা আরও শোচনীয়। ছোট গাড়ি কিংবা টোটো চালকরা যাতায়াতে আতঙ্কে ভুগছেন। প্রায়শই গাড়ি গর্তে আটকে দুর্ঘটনার শিকার হচ্ছে।
এক টোটোচালক জানান, “রাস্তার যা অবস্থা, যাত্রী নিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব। বড় গর্তে টোটো প্রায় উল্টে যায়।” অন্যদিকে এক পণ্যবাহী গাড়িচালক বলেন, “তিলপাড়া ব্যারেজের আগে পর্যন্ত রাস্তা এতটাই খারাপ যে আমাদের সাঁইথিয়া বা লম্বাধরপুর ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।”
এই সড়কের দুরবস্থা শুধু সাধারণ যানবাহন নয়, অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। রোগী নিয়ে যাওয়ার সময় প্রায়ই গাড়ি দেরিতে গন্তব্যে পৌঁছায়। বর্ষাকালে জল জমে গর্তগুলো আরও বিপজ্জনক রূপ নেয়, ফলে প্রাণঘাতী দুর্ঘটনা বেড়ে চলেছে। গত কয়েক মাসে বহু দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতির স্রোত বইলেও বাস্তবে কাজের ছিটেফোঁটাও হয়নি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্ষোভ চরমে উঠেছে।
বীরভূমসহ আশেপাশের জেলায় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন শত শত ট্রাক, বাস ও লরি এই পথে চলাচল করে। অথচ যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কার না হওয়ায় এটি এখন একেবারে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা দাবি তুলেছেন, অবিলম্বে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। নইলে দুর্ঘটনা, প্রাণহানি ও দুর্ভোগ আরও বাড়বে।







































































































