নয়নজলিতে নেমে গেলো বাস

নয়নজলিতে নেমে গেলো বাস – অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কান্দি–বহরমপুর রাজ্য সড়কে পর্বতপুরে দুর্ঘটনা
এজাজ আহম্মেদ, নতুন পয়গাম, কান্দি
কান্দি-বহরমপুর রাজ্য সড়কে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার বিকেল নাগাদ।
বহরমপুর থানার কলাবাগান সংলগ্ন পর্বতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে নেমে যায় একটি যাত্রীবাহী বাস। মুহূর্তের মধ্যেই এলাকায় ছুটে এসে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়া থেকে কান্দি হয়ে বহরমপুরমুখী ওই বেসরকারি বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ সামনের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি রাস্তার ধারে নয়নজলিতে নেমে যায়।
এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড়সড় হতাহতের খবর মেলেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রায় সব যাত্রী। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
এলাকাবাসীর অভিযোগ, জীবন্তি থেকে খাগড়া স্টেশন পর্যন্ত রাজ্য সড়কে স্পিড ব্রেকার বা সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এর ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। তাই তারা অবিলম্বে ওই রাস্তায় স্পিড ব্রেকার বসানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।





















































































































