আজ ডুরান্ড ফাইনাল অভিজ্ঞ ইউনাইটেড-এর মোকাবেলায় নবীন ডায়মন্ড

আজ ডুরান্ড ফাইনাল
অভিজ্ঞ ইউনাইটেড-এর মোকাবেলায় নবীন ডায়মন্ড
নতুন পয়গাম: ডুরান্ড কাপ ২০২৫-র শেষ তথা ফাইনাল ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনাপূর্ণ খেলাটি শুরু হবে আজ বিকেল ৫:৩০ টায়।
এবারের ডুরান্ড কাপে ২৪টি দল অংশগ্রহণ করেছিল। সেমি ফাইনাল পর্যন্ত টিকেছিল নর্থ ইস্ট ইউনাইটেড, শিলং লাজং, ইস্ট বেঙ্গল এবং ডাইমন্ড হারবার। শিলং লাজং এবং ইস্ট বেঙ্গল সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে।
বাংলার ফুটবলের শতাব্দী প্রাচীন প্রধান তিন দল- ‘মোহনবাগান’, ‘ইস্ট বেঙ্গল’ এবং ‘মোহামেডান’ বহু ইতিহাসের সাক্ষী, আজও তারা নতুন নতুন ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে যাচ্ছে। তবে এবাবে বাংলার ফুটবলের আকাশে বাতাসে যেন এক নতুন হাওয়া বয়ে চলেছে। প্রথমবার খেলতে আসা ডায়মন্ড হারবার এফসি ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিতে যাচ্ছে। কিবু ভিকুনার নেতৃত্বে ডায়মন্ড হারবার ডুরান্ড কাপ ২০২৫ মরশুমে অসাধারন পারফরমেন্স করে ফাইনালে জায়গা সুনিশ্চিত করেছে। এখন দেখার বিষয় হল শেষ হাসি কে হাসে। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড তাদের জয়ের ধারা বজায় রাখতে পারবে? নাকি নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে? তা দেখার জন্য ফুটবলপ্রেমি মহল গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
যেখানে বাংলার তিন প্রধান দল ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে, সেখানে ডায়মন্ড হারবার এফসি বাংলার একমাত্র দল যে ফাইনাল খেলবে। আজ যুব ভারতীর মাঠের শুধু ফুটবলের লড়াই নয়, যেন বাংলা ও বাঙালির অস্মিতার লড়াই। সারা দেশে যেভাবে বাংলাভাষীদের বাংলাদেশী বলে নির্যাতন করা হচ্ছে তারই প্রতিবাদে চলতি ডুরান্ড কাপে সল্ট লেকের এই মাঠেই ব্যানার লিখে প্রতিবাদ জানিয়েছিল বাঙালিরা সমর্থকরা। তাতে লেখা ছিল- “ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! / মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?” নর্থ ইস্ট ইউনাইটেড অসমের ফুটবল দল। অসমে বাংলাভাষীদের বাংলাদেশী বলে কঠোর অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। অসমের এই দলের খেলার মাঠে নতুন করে প্রতিবাদ জানিয়ে বাংলার সমর্থকরা অসমের সরকারকে বার্তা দেবে কিনা সেটা স্টেডিয়ামেই দেখা যাবে।







































































































