নলহাটির অবৈধ খাদান দুর্ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা পুলিশ সুপারের

খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
বীরভূমের নলহাটির অবৈধ পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয় শ্রমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই খাদান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার আমান দ্বীপ। তিনি জানান, পুলিশের নজর এড়িয়ে এ ধরনের অবৈধ খাদান চলছিল। তাঁর কথায়, “আমরা প্রায় সময় অবৈধ খাদান বন্ধ করি, ধরপাকড় চালাই। তবুও কিছু ক্ষেত্রে পুলিশের চোখ এড়িয়ে বিপজ্জনক কাজ চলে।”
পুলিশ সুপার আরও বলেন, “সব অবৈধ খাদানের গ্রাউন্ড রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করে এগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।”
স্থানীয়দের অভিযোগ, অবৈধ খাদানে নিরাপত্তার ব্যবস্থা নেই। প্রশাসনকে জানালেও পর্যাপ্ত পদক্ষেপ হয়নি। ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অবৈধ খাদানের দাপট এখনও অটুট।












































































































