দীপাবলির আগেই শব্দবাজির বিরুদ্ধে অভিযান, বলাগড়ে উদ্ধার বিপুল অবৈধ আতশবাজি

আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলী
আর কদিন পর সকলে মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। আর এই উৎসব আলোকিত করতে বিভিন্ন দোকানে দোকানে বিক্রি হচ্ছে আতস বাজি তার সাথে নিষিদ্ধ শব্দ বাজিও। ঠিক আগের মুহূর্তে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালালো হুগলী জেলার বলাগড় থানা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায়, হুগলী গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলাগড় থানার অন্তর্গত একতারপুর এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় বলাগড় থানার পুলিশ। জানা গেছে, বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রের নির্দেশমত অভিযানে অংশ নেন সাব ইন্সপেক্টর রোহন মল্লিক, নিতাই ঘোষ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মুন্সী মোজারুল হক সহ পুলিশের একটি দল। এদিন বেশকিছু সন্দেহভাজন জায়গায় তল্লাশি চালানো হয়, যার ফলে বেআইনি ও অবৈধ আতশবাজি এবং সংশ্লিষ্ট উপকরণ জব্দ করা হয়, অভিযানে ২০ কেজি তুবড়ি, ২০ কেজি কালি পটকা, চকলেট বোমা ১০৫ কেজি, গানপাউডার ৮ কেজি এবং ১৫ কেজি অন্যান্য অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বেআইনি শব্দবাজি মজুতের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং শব্দ বাজির দাপট রুখতে এই ধরনের অভিযান আরও চলবে।





















































































































