প্রয়াত প্রবীণতম এভারেস্টজয়ী কাঞ্চা শেরপা

নতুন পয়গাম, কাঠমান্ডু:
মারা গেলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ী প্রথম টিমের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা। বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। ১৯৫৩ সালে কাঞ্চা শেরপা মাত্র ১৯ বছর বয়সে যোগ দেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক অভিযানে। ৩৫ সদস্যের সেই অভিযাত্রী দলে তিনি পর্বতারোহীদের সহায়তাকারী বা পোর্টার হিসেবে যুক্ত হন, যদিও আগে কখনো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ছিল না তার। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কঠিন যাত্রায় তিনি খাদ্য, তাঁবু ও বিভিন্ন সরঞ্জাম বহন করে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছান।
পরে তিনি ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার বা ২৬ হাজার ২৪৭ ফুট উচ্চতার ওপরে উঠতে পেরেছিলেন। নেপালের অন্যান্য পর্বতারোহীরা কাঞ্চা শেরপাকে ‘দুর্দান্ত কিংবদন্তি’ ও ‘অনুপ্রেরণার উৎস’ বলেন। এভারেস্ট অভিযানের পর তিনি আরও দুই দশক হিমালয়ের দুর্গম অঞ্চলে উচ্চপর্যায়ের পোর্টার হিসেবে কাজ করেন।





















































































































