বুনো হাতির দল ঢুকে পড়ল অফিস প্রাঙ্গণে! আতঙ্কে নিদ্রাহীন রাত কাটালেন অফিসাররা

প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল ডায়না রেঞ্জের বন দপ্তর কার্যালয়ে। প্রায় ২৫টি বুনো হাতির একটি বিশাল পাল হঠাৎ করে ঢুকে পড়ে অফিস প্রাঙ্গণে। রাতভর চলে হাতিদের দাপাদাপি, আর সেই আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাতে হয় বনকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের।
বন দপ্তর সূত্রে জানা গেছে, ঠিক সেই সময় বনকর্মীরা ব্যস্ত ছিলেন অন্যত্র—একটি একক হাতিকে জঙ্গলে ফেরানোর কাজে। সুযোগ বুঝেই বাকি হাতির পালটি ঢুকে পড়ে অফিস চত্বরে। সৌর বিদ্যুতের হাইমাস্ট লাইট জ্বলছিল, তবুও তাতে কোনো ভ্রুক্ষেপ না করেই নির্বিঘ্নে ঘোরাফেরা করে হাতির দল।
চোখে পড়ে, কয়েকটি হাতি ঢুকে পড়ে অফিস সংলগ্ন কোয়ার্টার ও কমিউনিটি হলে। বনকর্মীদের পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। তবে তৎপরতা দেখিয়ে, বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে পটকা ফাটিয়ে হাতিদের তাড়িয়ে দেন। সৌভাগ্যবশত, এই তাণ্ডবে কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি, জানিয়েছেন ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল।
খেরকাটায় চিতাবাঘের আতঙ্ক অব্যাহত এদিকে, কাছাকাছি খেরকাটা এলাকায় চিতাবাঘ আতঙ্ক এখনও কাটেনি। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে বন দপ্তর ইতিমধ্যে সাতটি খাঁচা বসিয়েছে, তবে এখনো পর্যন্ত চিতাবাঘটি ধরা পড়েনি।
উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর চিতাবাঘের আক্রমণে প্রাণ হারায় অস্মিত রায় নামের এক নাবালক, যাকে ঘিরে এলাকাজুড়ে এখনও আতঙ্কের ছায়া।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতি ও চিতাবাঘ—উভয় দিকেই সতর্ক নজর রাখা হচ্ছে, এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





























































































































