ভিন রাজ্যের ফুটপাত কাপড় ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ, ধূপগুড়িতে উত্তেজনা; তিনজন আটক

নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: ভিন রাজ্য থেকে আসা ফুটপাতের কাপড় ব্যবসায়ীদের উপর হামলা ও জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার ধূপগুড়ি শহরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যবসায়ীদের হেনস্থা ও ধাক্কাধাক্কির অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে, যদিও পরে তাঁদের ধূপগুড়ি থানা থেকেই ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ধূপগুড়ি শহরের থানা রোড ও ফালাকাটা সড়কের পাশে ভিন রাজ্যের কয়েকজন ব্যবসায়ী গত কয়েক মাস ধরে শীতবস্ত্রের তিনটি দোকান চালাচ্ছিলেন। অভিযোগ, বুধবার সকালে স্থানীয় কাপড় ব্যবসায়ীদের একাংশ ওই দোকানগুলিতে চড়াও হয়। ব্যবসায়ীদের ধাক্কাধাক্কি করা হয় এবং জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়।
গন্ডগোলের খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তিনজনকে আটক করে। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ফুটপাতের ওই ব্যবসায়ীরা পুরনো কাপড় কম দামে নতুন বলে বিক্রি করছেন, যার ফলে স্থানীয় কাপড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের দাবি, বিষয়টি আগেই ব্যবসায়ী সংগঠন ফোসিড ও স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ব্যবসায়ী সংগঠন ফোসিড-এর সম্পাদক প্রদীপ পাল জানান, ওই ফুটপাতের দোকানগুলির কোনও পৌরসভার ট্রেড লাইসেন্স নেই এবং কোথাও উল্লেখ নেই যে সেগুলি পুরনো কাপড়ের দোকান। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী রনোজিত ঘোষ দাবি করেন, তাঁরা কাউকে মারধর করেননি, কেবল দোকান বন্ধ করার কথা বলেছেন। ভিন রাজ্যের ব্যবসায়ী স্বরূপ দত্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং জোর করে দোকান বন্ধ করা হয়েছে। ঘটনাকে ঘিরে ধূপগুড়ি শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।























































































































