লালোগোলার ওসি অতনু দাসকে বরখাস্তের দাবি

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, লালগোলা:
লালোগোলা থানার কিছু পুলিশ কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে ফের ক্ষোভ বাড়ল স্থানীয়দের মধ্যে। ক্ষমতার অপব্যবহার, নিরীহ মানুষকে মাদক মামলায় ফাঁসানো এবং সাধারণ নাগরিকদের হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার থানার সামনে বিক্ষোভে সামিল হয় গণসংগ্রাম মঞ্চ। সংগঠনের দাবি- এ ধরনের পুলিশি আচরণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পরিবেশকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।
গণসংগ্রাম মঞ্চের সভাপতি মহঃ শাহানউদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই লালগোলা থানার ওসি অতনু দাসের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আছে। তাঁর কথায়, “শিক্ষিত থেকে সাধারণ– সব শ্রেণির মানুষকেই অকারণ হয়রানির করছে পুলিশ। বিশেষ করে মাদক মামলায় নিরপরাধ মানুষের নাম জড়িয়ে দিয়ে ভয়-ভ্রীতি দেখানো হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে এলাকায় দুটি পরিবারকে তুচ্ছ কারণে আটক করে মানসিক ও শারীরিকভাবে নিগৃহীত করা হয়। শাহানউদ্দিনের ভাষায়, “এ ধরনের ঘটনা পুলিশের দায়িত্বজ্ঞানহীনতার জ্বলন্ত উদাহরণ, যা আর বরদাস্ত করা যায় না।”
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকায় বেআইনি ভাবে চিরুনি তল্লাশি চালানো এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হেনস্থা করার প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে। ওসি অতনু দাসকে অবিলম্বে বরখাস্তের দাবি জানানো হয়।
স্থানীয় সমাজকর্মী তায়েদুল ইসলাম বলেন, “যত দ্রুত দুর্নীতিগ্রস্ত ও প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে, ততই মানুষের আস্থা ফিরবে। নাহলে জনগণ নিজেদের নিরাপত্তার স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
এ নিয়ে এখনও পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয়রা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর প্রতিবাদের পথে হাঁটবে গণসংগ্রাম মঞ্চ।































































































































