জগদ্দল নদীতে কুমিরের শিকার মৎস্যজীবী

বাবলু হাসান লস্কর, নতুন পয়গাম, সুন্দরবন:
মাছ ধরতে গিয়ে কুমিরের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জীপ্লট গ্রাম পঞ্চায়েতের দাসপুর উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকায়। মৃতের নাম শংকর হাতি (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারের অভাব অনটন মেটাতে ও মাছ ধরার নেশায় রবিবার বিকেলে স্থানীয় জগদ্দল নদীতে মাছ ধরতে যান শংকর হাতি। জাল ফেলতে গিয়ে আচমকা টান অনুভব করেন তিনি। বড় মাছ ধরা পড়েছে মনে করে হাঁটু জলে নেমে জাল টানতে থাকেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নদীর জলে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য—একটি কুমির তাঁকে জালের সঙ্গে টেনে নিয়ে যায় নদীর মাঝখানে। মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যান ওই মৎস্যজীবী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। রাতভর নদীতে তল্লাশি চালানোর পর অবশেষে গভীর রাতে উদ্ধার হয় শংকর হাতির মৃতদেহ। সোমবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, “প্রায়ই জগদ্দল নদীতে কুমির দেখা যায়, কিন্তু তবুও জীবিকার তাগিদে মানুষ ঝুঁকি নিয়ে নেমে পড়েন নদীতে।”
এলাকাবাসীদের দাবি, নদীর এই অংশে বনদপ্তরের নজরদারি আরও বাড়ানো হোক এবং মৎস্যজীবীদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা হোক, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।



















































































































