আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট থানার অন্তর্গত মহম্মদপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগ গ্রহণ করল আস সুফ্ফাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহৎ কর্মসূচির মাধ্যমে প্রায় একশত ত্রিশ জন অসহায় শিশু, নারী ও পুরুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে নতুন পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়, যা প্রাপকদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তোলে। এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় এক ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন ফাউন্ডেশনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস সুফ্ফাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কাওসার কাসেমী, সম্পাদক সাহারুখ মোল্লা এবং ক্যাশিয়ার মাওলানা নিজানুর আলি মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।ফাউন্ডেশনের সম্পাদক সাহারুখ মোল্লা বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবো, ইনশাআল্লাহ।” এবং আমাদের উদ্দেশ্য হলো সমাজের শিক্ষাবঞ্চিত মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো এবং স্বনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।








































































































