গাজায় নিহত ২০ হাজারেরও বেশি পড়ুয়া ইসরাইল ধ্বংস করেছে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান

নতুন পয়গাম, রামাল্লা:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২ বছর ধরে চলা একতরফা ইসরাইলি যুদ্ধে ২০ হাজারেরও বেশি স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। মঙ্গলবার এই রোমহর্ষক তথ্য জানিয়ে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রক বলেছে, ইসরাইলি বিমান, ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক হামলায় ধ্বংস হয়েছে শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। আহত হয়েছে ৪১ হাজারেরও বেশি শিক্ষার্থী। এছাড়াও গাজা ও পশ্চিম তীরে অন্তত ১০৩৭ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৭৪০ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৫০ শিক্ষক ও শিক্ষাকর্মীকে।
শিক্ষা মন্ত্রকের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল, ৩৫৭টি কলেজ এবং ৬৩টি বিশ্ববিদ্যালয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং রাষ্ট্রসংঘ পরিচালিত ১০০-রও বেশি স্কুল। ৩০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় সেগুলোকে শিক্ষা মন্ত্রকের তালিকা থেকে বাদ দিতে হয়েছে।

ইজরাইলী আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান।









































































































