লালগোলায় বিজয়া সম্মিলনীতে সাংসদ ইউসুফ পাঠান

রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির উদ্যোগে লালগোলা এম.এন. একাডেমি লাইব্রেরি মাঠে আয়োজিত হলো এক প্রাণবন্ত বিজয়া সম্মিলনী। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার সাংসদ ইউসুফ পাঠান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, লালগোলা বিধানসভার বিধায়ক মহম্মদ আলী, কোর কমিটির সদস্য মোতাহার হোসেন রিপন, যুব জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জি, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ববৃন্দ।
বক্তারা এদিন দলের সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এই বিজয়া সম্মিলনীতে রাজনৈতিক আলোচনার পাশাপাশি মিলনমেলার পরিবেশ তৈরি হয়, যা অংশগ্রহণকারীদের মনে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেয়।














































































































