মনোনয়ন ঘিরে শক্তি প্রদর্শন নবীনচন্দ্র বাগের

নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পাশাপাশি খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রেও মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগ। মনোনয়নকে কেন্দ্র করে এদিন ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। প্রায় পাঁচ হাজার কর্মী-সমর্থক প্রার্থীর সমর্থনে উপস্থিত হন। বর্ধমানের বিরহাটা থেকে টাউন হল পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়। হাতে রক্ষা কালী মায়ের ছবি নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন নবীনচন্দ্র বাগ। খণ্ডঘোষ নির্বাচন কমিটির কনভেনার হাসানুজ্জামান জানান, এই বিপুল জনসমাগমই প্রমাণ করে প্রার্থীর প্রতি মানুষের আস্থা ও সমর্থন কতটা দৃঢ়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নবীনচন্দ্র বাগ আত্মবিশ্বাসী সুরে বলেন, “আমরা বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করব, জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত।” তিনি আরও বলেন, “কোনও শুভ কাজ করতে গেলে শুভ শক্তিকে সঙ্গে নিতে হয়। দেবীকালে দেবী দুর্গা যেমন অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন, সেই প্রতীক হিসেবেই আজ আমি রক্ষা কালী মায়ের ছবি সঙ্গে নিয়ে এসেছি।” মনোনয়ন ঘিরে তৃণমূল কংগ্রেসের এই শক্তি প্রদর্শন আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।









































































































