ভাঙড়ে মাজলিসুল উলামা ওয়াল আইম্মা-র সেমিনার

নতুন পয়গাম:
বর্তমান সময়ে মুসলিম উম্মাহ নানা মতভেদ ও বিভাজনের শিকার। সেই প্রেক্ষাপটে মাজলিসুল উলামা ওয়াল আইম্মা, ভাঙড় ব্লক শাখার উদ্যোগে উলামায়ে কিরামদের নিয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ সেমিনার। যার মূল প্রতিপাদ্য ছিল, আজকের প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব ও বিচ্ছিন্নতার পরিণতি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের বিভিন্ন এলাকার আলেম, শিক্ষক, সমাজসেবী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি এই সেমিনারে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, মুসলিম জাতির আজকের দুর্বলতার প্রধান কারণ হচ্ছে নিজেদের মধ্যে বিভেদ, মতভেদ ও অসহিষ্ণুতা। ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম; কিন্তু আমরা নিজেদের মাজহাব, মাসলাক, সিলসিলা ও দলীয় বিভাজনের কারণে প্রকৃত ইসলামী চেতনা থেকে বিচ্যুত হচ্ছি। এখনই সময়, আসুন, আমরা সবাই একত্র হয়ে জাতীয় স্বার্থে ও মুসলিম উম্মাহর ঐক্যের স্বার্থে এক ছাতার তলায় আসি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এ.এফ.এম খালিদ, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন মাজলিসুল উলামা ওয়াল আইম্মার জেলা সভাপতি মাওলানা আবু সুলতান এবং পরিচালনা করেন জেলা সম্পাদক হাফেজ মাওলানা ও আইনজীবী হাবিবুল্লাহ লস্কর।
আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক খলিলুর রহমান, মাওলানা আবুল ফারাহ, কনভেনর ডাঃ আব্দুল আজিজ, ওবায়দুর রহমান প্রমুখ। বক্তারা তাঁদের তাত্বিক আলোচনায় ঐক্যের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন। কুরআনের সূরা আল ইমরান-এর আয়াত উদ্ধৃত করে বলেন, “তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পরে বিভক্ত হয়ো না।” এই আয়াতের আলোকে মুসলিম সমাজের উন্নতি ও নিরাপত্তা নির্ভর করে পারস্পরিক সংহতি, সহানুভূতি ও ঐক্যের উপর। বিভাজন শুধু দুর্বলতা সৃষ্টি করে না, বরং ইসলামী সমাজব্যবস্থার ভিতকে নাড়িয়ে দেয়।
তাঁরা আরো বলেন, আজকের দুনিয়ায় আমাদের প্রয়োজন এমন ঐক্য — যা মাজহাব, মাসলাক, সিলসিলা ও সংগঠনগত মতপার্থক্য অতিক্রম করে মুসলিম জাতিকে একত্রিত করবে। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও ইসলামী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনাই হবে জাতির পুনর্জাগরণের প্রথম পদক্ষেপ। প্রোগ্রাম শেষ পর্বে উলামায়ে কিরামগণ দোয়া ও মুনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, জাতীয় শান্তি ও দেশের কল্যাণ কামনা করেন।





















































































































