উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পাশে এসআইও — বিশেষ স্কলারশিপ বিতরণ

নতুন পয়গাম, নিউ জলপাইগুড়ি:
উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকায় একটি বিশেষ স্কলারশিপ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁরা স্থানীয় বাসিন্দা ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বন্যার ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখেন। তান্দুর চা বাগান, বামনডাঙা, সুলকাপাড়া, ছরটন্ডু ও খয়েরবাড়ি—এই এলাকাগুলির বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মোট ৩৮ জন ছাত্রছাত্রীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আব্দুল ওয়াকিল বলেন, “বন্যায় বিধ্বস্ত এলাকাগুলিতে বহু ছাত্রছাত্রী বইখাতা, শিক্ষা সংক্রান্ত নথি এবং প্রয়োজনীয় সামগ্রী হারিয়েছে। এই স্কলারশিপ তাদের পুনরায় পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করবে।” তিনি আরও জানান, “প্রাথমিক পর্যায়ে ৩৮ জন ছাত্রছাত্রীকে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও দুঃস্থ ও বিপর্যস্ত ছাত্রছাত্রীদের জন্য এসআইও-র এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এসআইও-র উত্তরবঙ্গ সম্প্রসারণ সম্পাদক রাসেল কাইজার, জামাআতে ইসলামি হিন্দের সদস্য উমর আলি মোমিন, রফিকুল ইসলাম এবং সুলকাপাড়ার সমাজসেবী সেখ আমিনুল।
চলমান বন্যা পরবর্তী পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এসআইও-র এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।



















































































































