মৈপীঠের লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, কুলতলি:
শীত নামতেই আবারও লোকালয়ে বাঘের আনাগোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল মৈপীঠে। বৃহস্পতিবার সকালে কিশোরীমোহনপুর এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা। দ্রুত খবর পৌঁছায় বনদপ্তর এবং মৈপীঠ উপকূল থানায়।
খবর পেয়ে বনকর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে সার্চ অপারেশন শুরু করে। তল্লাশি শেষে বনদপ্তরের অনুমান—বাঘটি আগের রাতে লোকালয়ে ঢুকেছিল, এরপর আবার জঙ্গলে ফিরে গেছে।
জেলা বন আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানান,
“মৈপীঠের কিশোরীমোহনপুরে যে পায়ের ছাপ দেখা গেছে তা ২–৩ দিন আগের। বাঘ এসেছিল ঠিকই, কিন্তু জঙ্গলে ফিরে গেছে। আতঙ্কের কিছু নেই, পুরো এলাকা পর্যবেক্ষণে রয়েছে।”
উল্লেখ্য, কুলতলি–মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের চলাফেরা নতুন নয়। কয়েক মাস আগেও মাতলা–মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে দেউলবাড়ি গ্রামের ধানখেতে দেখা গিয়েছিল একটি বাঘটিকে। রাত জেগে পাহারা দিয়েছিলেন গ্রামবাসীরা। বনদপ্তরের দীর্ঘ প্রচেষ্টায় তখন বাঘটি ফিরে যায় নিজের আবাসে।
এদিনের ঘটনায় নতুন করে সতর্ক হয়েছে স্থানীয়রা। বনদপ্তরও গোটা অঞ্চল নজরদারিতে রেখেছে যাতে কোনওরকম অঘটন না ঘটে।
















































































































