তিলপাড়া জলাধারের উপর দিয়ে খালি ট্রাক ও ডাম্পার চলাচলের অনুমোদন, আশার আলো দেখছেন পরিবহন ব্যবসায়ীরা

খান সাহিল মাজহার
নতুন পয়গাম, বীরভূম:
তিলপাড়া জলাধারের উপর দিয়ে যান চলাচল নিয়ে পরিবহন মহলের দীর্ঘদিনের দাবি অবশেষে পূর্ণতা পেল আংশিকভাবে। ছোট গাড়ি, অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ি ও বাস চলাচলের অনুমোদনের পর এ বার মিলল খালি ট্রাক ও ডাম্পার চালানোর ছাড়পত্র। জেলা শাসক বিধান রায় এক নির্দেশিকায় জানিয়েছেন, মঙ্গলবার থেকেই খালি ট্রাক ও ডাম্পার জলাধারের উপরের রাস্তায় চলাচল করতে পারবে। তবে নিরাপত্তার স্বার্থে ট্রাক ও ডাম্পারের সর্বোচ্চ গতিবেগ ১০ কিমি নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে ট্রাক মালিক কল্যাণ সমিতি। সমিতির এক প্রতিনিধির কথায়, “আমরা দীর্ঘদিন ধরে এই অনুমতির দাবি করে আসছিলাম। অবশেষে সেই অনুমোদন মেলায় খরচ ও সময়ের অপচয় অনেকটাই কমবে। পরিবহন ব্যবসার জন্য এটা আশার আলো।”
এদিকে একই দিনে রাজ্য সেচ দফতর থেকেও এল গুরুত্বপূর্ণ খবর। তিলপাড়া জলাধারের পাশেই ভারি যান চলাচলের উপযোগী কজওয়ে নির্মাণের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাক মালিক কল্যাণ সমিতি নিজেদের খরচে ওই কজওয়ে তৈরি করতে ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবে।
এই প্রসঙ্গে জেলা শাসক বিধান রায় বলেন, “খালি ট্রাক ও ডাম্পারের চলাচল অনুমোদন দেওয়া হয়েছে। তবে সুরক্ষার কথা মাথায় রেখে কড়া গতিনিয়ন্ত্রণ চালু থাকবে। পাশাপাশি কজওয়ে তৈরি হলে ভবিষ্যতে পরিবহনের চাপ আরও কমবে।”
যদিও কবে থেকে কজওয়ের কাজ শুরু হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে পরিবহন মহলের আশা, দ্রুত কাজ শুরু হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন দিগন্ত খুলবে।
















































































































