১৩ তম বাংলা উড়িষ্যা জাতীয় লোকসংস্কৃতি উৎসব হুগলী জেলার মগরায়

আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলি: হুগলি লোকশিল্পী সংস্হার উদ্যোগে মগরার জয়পুরে, মগরা জাগরণী সংঘের মাঠে শনি ও রবিবার দুইদিনের লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন নিমাই দেবশর্মা, শ্যামল সিনহা সংকেত গাঙ্গুলি ও অনুপ প্রামাণিক। এদিন অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংবাদিক শ্যামল সিংহ, অনুপ প্রামাণিক ও সংকেত গাঙ্গুলীকে সংবর্ধনা জানানো হয়। জানা গেছে, লোকসংস্কৃতি উৎসবে পরিবেশিত হয় ওডিসি নৃত্য, পুতুল নাচ, যোগা নৃত্য, বাউল গান এবং বাংলাদেশের লোকগান।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল সম্বলপুরী লোকনৃত্য ও ময়ূরভঞ্জের ছৌ নৃত্য। পাশাপাশি মেয়েদের ঢাক বাজানো এই উৎসবে বিশেষ নজর কাড়ে। উল্লেখ্য, বছর শেষের প্রবল শীত উপেক্ষা করেও অগণিত সংস্কৃতিপ্রেমী মানুষ ভিড় জমান অনুষ্ঠান স্থলে। প্রথম দিনের সন্ধ্যায় বাউল পরিবেশন করে সকলকে মাতিয়ে তোলেন স্বনামধন্য বাউল শিল্পী ধীরাজ ক্ষ্যাপা সহ লোক শিল্পী শান্তনা চ্যাটার্জী। মূলত লোকসংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। উৎসবের কর্ণধার সান্ত্বনা চট্টোপাধ্যায় জানিয়েছেন প্রতিবছরের মতো এবারও লোকশিল্পী সম্মান প্রদান করা হয়। এবছর এই সম্মানে ভূষিত হন কবি অমিত রায়।





















































































































