সংগঠন মজবুত করতে ধূপগুড়ির দুই ওয়ার্ডে তৃণমূলের কর্মী সম্মেলন

নতুন পয়গাম, প্রীতিময় সরখেল, ধূপগুড়ি: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, আগেভাগেই সংগঠন মজবুত করতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে ধূপগুড়ি পৌর এলাকার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ডেই ভোটের নিরিখে পিছিয়ে পড়েছিল শাসক দল। সেই ফলাফলকে মাথায় রেখেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভোট রক্ষার কৌশল ঝালিয়ে নিতে উদ্যোগী তৃণমূল। রবিবার জলপাইগুড়ি জেলা এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ দাসের নির্দেশে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরূপ দে-র নেতৃত্বে ধূপগুড়ি পৌরসভার ৯ ও ১৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় বুথভিত্তিক ভোট রক্ষা প্রশিক্ষণ শিবির ও কর্মী সম্মেলন। সভায় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে কাজ করার বার্তা দেওয়া হয়। পাশাপাশি, সাধারণ মানুষের ভোটাধিকার যাতে কোনওভাবেই খর্ব না হয়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে বক্তব্য রাখা হয়।








































































































