গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক আলোচনা সভা

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার
গ্রন্থাগারিক দিবসের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগার-ভাবনা, পাঠাভ্যাসের গুরুত্ব এবং মানবিক সমাজ গঠনে বইয়ের ভূমিকা তুলে ধরতে হাওড়া শহরের ১৪২ বছরের ঐতিহ্যবাহী ব্যাঁটরা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র দৃষ্টিতে গ্রন্থাগার’ শীর্ষক এক মননশীল আলোচনা সভা।গ্রন্থাগার আন্দোলনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অধ্যাপক প্রবীর রায়চৌধুরীর স্মৃতির উদ্দেশে আয়োজিত এই স্মারক বক্তৃতার উদ্যোগ নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে গ্রন্থাগারিক, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিসেবী এবং বিশিষ্টজনদের উপস্থিতি সভাকে তাৎপর্যপূর্ণ করে তোলে।
আলোচনায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগার-দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একটি সমৃদ্ধ গ্রন্থাগার কেবল বই সংরক্ষণের স্থান নয়, বরং মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। পাঠাভ্যাসের বিকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করার ওপরও তাঁরা বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে, “বই-ই মগজের অস্ত্র। বইয়ের চেতনায় গড়ে উঠুক মানবতার বন্ধন, আলোকিত হোক সমাজ।” তাঁদের মতে, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়েও বইয়ের প্রতি মানুষের আকর্ষণ ও গ্রন্থাগারমুখী হওয়ার প্রবণতা বাড়ানো অত্যন্ত জরুরি। আলোচনা সভার পর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে। গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হরিণঘাটা থেকে আগত সমবেত আবৃত্তির দল ‘আমরা অ আ ক খ’-এর পরিবেশনা। বাচিক শিল্পী রাজু দত্তের পরিচালনায় শিশু-কিশোরদের সাবলীল ও আবেগঘন আবৃত্তি উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়ে নেয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন।


























































































































