চাকরি বিক্রির অভিযোগে অনুব্রত মণ্ডল-সহ ৬ জনের নামে মামলা

দৈনিক জনকন্ঠ, খান সাহিল মাজহার: প্রাথমিক শিক্ষকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ; অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু, রয়েছে দুটি অজামিনযোগ্য ধারা। বীরভূমের সিউড়িতে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে আরও চাপে পড়লেন অনুব্রত মণ্ডল। আদালতের নির্দেশে সিউড়ি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সেই সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই বীরভূমের সিউড়ি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে জমা দিয়েছে পুলিশ। আইনজীবী সূত্রে জানা গিয়েছে, মামলায় অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, তৎকালীন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষ-সহ মোট ৬ জনের নাম রয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
অভিযোগকারী কল্যাণ ঘোষের দাবি, ২০১৭ সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর এবং তাঁর এক আত্মীয়ের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়। অভিযোগ, জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই টাকা সংগ্রহ করেন। পরবর্তীতে তাঁদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগপত্রে কোথায় পোস্টিং হবে, তার কোনও উল্লেখ না থাকায় বাস্তবে চাকরিতে যোগদান করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই প্রতারিত হওয়ার অভিযোগ তুলে আসছিলেন তাঁরা। অভিযোগকারী আরও জানান, ২০১৭ সালেই এই ঘটনায় সিউড়ি থানায় অভিযোগ দায়ের করতে গেলেও সেই সময় পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। এরপর দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর চলতি বছরের ১১ জুন সিউড়ি CJM আদালতে অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, রাজা ঘোষ-সহ মোট ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ (কোর্ট কমপ্লেন) দায়ের করেন কল্যাণ ঘোষ।
মামলার শুনানির সময় আদালত সিউড়ি থানার পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে। আদালতের নির্দেশ মেনে তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা রুজু করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তে কী তথ্য উঠে আসে এবং পরবর্তী সময়ে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকে নজর রয়েছে সকলের।























































































































