রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন ও কুলতলীতে আন্তর্জাতিক বাদাবন দিবস পালন
দৈনিক জনকণ্ঠ, হাসান লস্কর, ২৬ জুলাই: রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়চকে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালিত হয়েছে। প্রদীপ জ্বালিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ অন্যরা। মন্ত্রী শংকর ঘোষ বলেন, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ অপরিহার্য এবং এই বনাঞ্চল না থাকলে পর্যটন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চারা রোপণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এদিন উপস্থিত সবাই ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার শপথ নেন।
অন্যদিকে, প্রতি বছর ২৬ জুলাই বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাদাবন (ম্যানগ্রোভ) বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস পালিত হয়। বাদাবন উপকূলকে ঝড়, সাইক্লোন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে, সামুদ্রিক প্রাণের প্রজননক্ষেত্র হিসেবে কাজ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৯৮ সালের ২৬ জুলাই ইকুয়েডরে বাদাবন কেটে চিংড়ি চাষের প্রতিবাদে এক আন্দোলনে গ্রিনপিস কর্মী হায়হো ড্যানিয়েল নানোতো মারা যান। তাঁর স্মৃতিতে ২০১৫ সালে ইউনেস্কো ২৬ জুলাইকে এই দিবস হিসেবে ঘোষণা করে। এদিন ভারতের ২৩টি জেলার ৪৫টি কেন্দ্রের উদ্যোগে কুলতলীর দেউলবাড়িতে দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের বৃহত্তম বাদাবন অঞ্চল সুন্দরবন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবেও স্বীকৃত।








