ফুটবলের রাজা এবার পর্দায়, নতুন ড্রামা সিরিজে সিআরসেভেন-আঁরি জুটি

নিজেস্ব প্রতিবেদক: ফুটবল মাঠে নিজের অসাধারণ ক্যারিয়ার দিয়ে ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে মাঠ দাপিয়ে বেড়ানো ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা কেবল ফুটবল মাঠেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। এবার তাঁর জীবনের খাতায় যুক্ত হতে চলেছে এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায় টেলিভিশন ড্রামা সিরিজ। ফুটবলের বাইরও নিজের পরিধি বাড়াতে রোনালদো হাত মিলিয়েছেন হলিউডের বিখ্যাত ও খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে, যিনি জনপ্রিয় ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের জন্য পরিচিত। দুজন মিলে এ বছরই প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর-মার্ভ স্টুডিওস’। প্রথাগত সিনেমা ও দূরদর্শনের ধারা বদলে দর্শকদের একদম নতুন ধরনের স্বাদ দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। পরিচালক ভনও রোনালদোর প্রশংসায় মুখর তাঁর মতে, ক্রিশ্চিয়ানো ফুটবল মাঠে এমন সব অবিশ্বাস্য গল্প তৈরি করেছেন যা কোনো চিত্রনাট্যকারও লিখতে পারতেন না।
এই যৌথ প্রযোজনার প্রথম বড় কাজ হিসেবে আসছে ব্রিটিশ ফুটবল কেন্দ্রিক ড্রামা সিরিজ ‘ডে ওয়ান্স’ (যার অর্থ ‘প্রথম দিনগুলো’)। রোনালদো নিজে এই ড্রামা সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ক্যামেরার সামনে তাঁকে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে। ড্রামাটির গল্প ঘোরে ‘স্ট্যানলি ডালটন’ নামের এক প্রভাবশালী কাল্পনিক ফুটবল এজেন্টকে কেন্দ্র করে। এই চরিত্রে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ন্স’ খ্যাতি লাভ করা হলিউড তারকা ড্যামিয়ান লুইস। গল্পটির মূল ভাবনা নেওয়া হয়েছে ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি আঁরির বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডিনারের চিন্তা থেকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে একসময় রোনালদো ও আর্সেনালের কিংবদন্তি থিয়েরি আঁরির মাঠের লড়াই ভক্তদের দারুণ রোমাঞ্চিত করত। দীর্ঘ বছর পর এই প্রজেক্টের মাধ্যমে দুজনকে আবার একসঙ্গে দেখতে পাবেন দর্শক। সিরিজে আরও অভিনয় করছেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং উদীয়মান অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটি কেবল হালকা মেজাজের কোনো কমেডি নয়। বরং এতে তুলে ধরা হবে ব্রিটিশ ফুটবলের এক নির্মম ও কঠিন বাস্তব চিত্র। পর্দার আড়ালের ফুটবল ব্যবসা, অভ্যন্তরীণ রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং তীব্র প্রতিযোগিতার নাটকীয় রূপ রূপালী পর্দায় ফুটিয়ে তোলা হবে। বর্তমানে যুক্তরাজ্যের বারনেট এফসি -এর মাঠে এই সিরিজের শুটিং জোরকদমে চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান, ডেডলাইন ও গোলডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, রোনালদো ও আঁরির মতো বড় তারকাদের উপস্থিতি এই প্রজেক্টকে আন্তর্জাতিক স্তরে অত্যন্ত মর্যাদাপূর্ণ করে তুলেছে। ফলে প্রধান বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এর সম্প্রচারস্বত্ব পাওয়া নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিজটি ২০২৮ সালের ডিসেম্বরের দিকে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। নিজের এই নতুন পথচলা নিয়ে রোনালদো বেশ আশাবাদী ও উত্তেজিত। ফুটবল ভক্তদের জন্য এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি বিনোদন জগতেও রোনালদোর নতুন যাদু দেখার অপেক্ষা!






















































































































