ঘরের মাঠে সুরুচি-বধ মহামেডানের, তবুও চিন্তার ভাজ কপালে

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বৃষ্টি ভেজা ঘরের মাঠে সুরুচি সংঘকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে উপরে উঠে এল সাদা-কালো ব্রিগেড। আগের ম্যাচে ওয়াড়ি অ্যাথলেটিকের সঙ্গে ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল মহামেডান। তাই এই ম্যাচটি ছিল জয়ে ফেরার ম্যাচ। ডুরান্ড কাপে প্রথম ম্যাচে জয়ের পর সেই ছন্দই ধরে রাখল মেহেরাজ উদ্দিন ওয়াডুর ছেলেরা। বৃষ্টি ভেজা মাঠে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে প্রথমার্ধে কোনও দলই গোলের দরজা খুলতে পারেনি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে খেলার রাশ নিজেদের হাতে নেয় মহামেডান। ৬৬ মিনিটে রেমসঙ্গা-র দুর্দান্ত গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে সুরুচি, কিন্তু মহামেডানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টে ৮৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফার্দিন আলি মোল্লা ব্যবধান ২-০ করেন। সেই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় মহামেডানের। এই জয়ের ফলে ৩ প্রধানের মধ্যেই জয়ের ধারা বজায় থাকল।
সুরুচি লড়াই করলেও দিনের শেষে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মেহেরাজ বাহিনী। তবে মাঠের বাইরের আবারও সমস্যায় চিন্তার ভাঁজ মহামেডান কর্তাদের কপালে।সভাপতি হুমায়ুন কবিরের দেওয়া তিনটি চেকই বাউন্স করে,ফলে বেতন নিয়ে আবারও সমস্যার মুখে সাদাকালো শিবির।







































































































