সাহালের হ্যাটট্রিকে সিআইএসএফকে ৬-০ গোলে উড়িয়ে পরের রাউন্ডে মোহনবাগান

আব্দুল রাহাজ – কলকাতা:
ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিআইএসএফ প্রটেক্টর্সকে ৬-০ গোলে বিধ্বস্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই বড় জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টপকে পরের রাউন্ডে যাওয়ার পথ প্রায় নিশ্চিত করল সবুজ-মেরুন।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিআইএসএফের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে মোহনবাগান। ১৭ মিনিটে সাহাল আব্দুল সামাদের গোলে এগিয়ে যায় তারা। এক মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন সাহাল। ২৩ মিনিটে দারুণ ছন্দে থাকা মনভীর সিং তৃতীয় গোল করে দেন। এরপর ৩৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে সাহাল। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করার চেষ্টা করে সিআইএসএফ। তবে ৬৯ মিনিটে জেমি ম্যাকলারেন এবং ৭৪ মিনিটে টেকচাম অভিষেক সিং গোল করে ব্যবধান ৬-০ করেন। ঘরোয়া লিগে ছন্দপতন হলেও ডুরান্ড কাপে দারুণ ফর্মে রয়েছে মোহনবাগান। আগের ম্যাচে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতে শীর্ষে উঠে গেলেও, এই জয়ের ফলে গোলপার্থক্যে এগিয়ে গেল মোহনবাগান। অন্যদিকে এবারের আসরে জয়ের মুখ দেখা হল না সিআইএসএফ প্রটেক্টর্সের।










































































































