দক্ষিণ আফ্রিকাকে হাফ ডজন গোলে উড়িয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত

মুহাম্মদ শাহবাজ
মহিলা হকি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকাকে একপেশে ও দারুণ ছন্দে ৬-১ গোলে পরাজিত করে ইতিহাস গড়ল ভারতীয় দল। টুর্নামেন্টের ইতিহাসে এটিই ভারতীয় মহিলা হকি দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। পুল ডি-র এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে আক্রমণাত্মক হকি উপহার দেন ভারতীয় স্টিকধারীরা। ম্যাচে ভারতের হয়ে অসাধারণ গোল করে প্রতিপক্ষকে কোণঠাসা করে দেন সুনেলিতা টোপ্পো, অভিজ্ঞ নভনীত কৌর, সুশীলা চানু, ড্র্যাগ-ফ্লিক বিশেষজ্ঞ দীপিকা, লালরেমসিয়ামি এবং সাক্ষী রানা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি করেন কায়লা ডি ওয়াল। প্রথম ম্যাচে শক্তিশালী চিনকে (বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ) রুখে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই বিশাল জয়ে গোলপার্থক্য অনেক বাড়িয়ে নিল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি পুলের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালের লড়াইয়ে প্রবেশ করবে। পুল ডি-র পয়েন্ট টেবিলে বর্তমানে ইংল্যান্ড শীর্ষে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই বড় জয়ের ফলে চিন ও ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই জোরালো হলো। পরবর্তী পর্বে অন্য গ্রুপের দলগুলির বিরুদ্ধে নামার আগে এই জয় ভারতীয় শিবিরকে মানসিক দিক থেকে বেশ এগিয়ে রাখবে। ভারতীয় মহিলা হকি দলের অতীতের সেরা পারফরম্যান্সের কথা বললে, ১৯৭৪ সালে অধিনায়ক অজিন্দর কৌরের নেতৃত্বে ভারত চতুর্থ স্থান অর্জন করেছিল। পরবর্তীতে টোকিও অলিম্পিকেও কোচ মারিনের অধীনে ভারত চতুর্থ স্থান অধিকার করে নতুন আশার সঞ্চার করেছিল। বর্তমান দলের তরুণ তুর্কি সুনেলিতা টোপ্পো, ইশিকা, শিলপি দাবাস এবং কোয়ালিফায়ার্সে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হওয়া নভনীত কৌর যেভাবে নিজেদের মেলে ধরেছেন, তাতে বহু পুরনো সেই গৌরবের দিন ফিরিয়ে আনার হাতছানি রয়েছে বইকি!





















































































































