সম্পত্তির লোভে বাবাকে খুন, চন্দননগর আদালতে যাবজ্জীবন ছেলে-বৌমার

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি: সম্পত্তির লোভে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবাকে খুনের অভিযোগে বৃহস্পতিবার ছেলে ও বৌমাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল চন্দননগর আদালত। এদিন মায়ের সাক্ষ্যের ভিত্তিতে দোষী সাব্যস্ত হন অমিত কোলে ও তাঁর স্ত্রী পুজা কোলে। চন্দননগর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্র মোহন সরকার এই সাজা ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৬ জুলাই রাত ১০টা নাগাদ খাওয়া-দাওয়া করে তারকেশ্বর থানার গৌরবাটি গ্রামের দ্বিতল বাড়ির নিজের ঘরে ঘুমাতে যান বৃদ্ধ আদিত্য কোলে। একই তলায় নিজের ঘরে নাতনিকে নিয়ে শুয়েছিলেন তাঁর স্ত্রী ৬৪ বছরের সাবিত্রী কোলে। অভিযোগ, রাত প্রায় ১টা নাগাদ স্বামীর ঘর থেকে কান্নার আওয়াজ শুনে সাবিত্রী দেবী বাইরে বেরোতে যান। কিন্তু দেখেন, তাঁর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ডাকাডাকির পর নাতি দরজা খুলে দিলে তিনি স্বামীর ঘরে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর ছেলে অমিত কোলে বাবার বুকের উপর বসে দস্তানা পরা হাতে গলা টিপে ধরে রয়েছে।
আরও অভিযোগ, সেই সময় পুজা কোলে স্বামীকে তাঁর শাশুড়ি সাবিত্রী দেবীকেও খুন করার জন্য প্ররোচনা দেন। প্রাণ বাঁচাতে কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সাবিত্রী দেবী। অন্ধকারের মধ্যে প্রায় ১০ মিনিট হেঁটে তিনি তাঁর দেওরের বাড়িতে আশ্রয় নেন। পরে তারকেশ্বর থানায় ছেলে অমিত ও বৌমা পুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্তের পর ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর দ্রুত চার্জশিট পেশ করে। মামলায় মোট ১৯ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে শঙ্কর গঙ্গোপাধ্যায়কে লিগ্যাল রিমেমব্রেন্স দফতর থেকে ৯ মার্চ ২০২৬-এ নিযুক্ত করা হয়। তাঁর তৎপরতায় দ্রুত মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়।
সাজা ঘোষণার পর স্পেশাল পিপি শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, নিজের ছেলে বাবাকে খুন করেছে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে হাতে দস্তানা পরেছিল। নিজের সন্তানের কাছেই যদি বৃদ্ধ বাবা সুরক্ষিত না থাকেন, তা মানবতার লজ্জা। আমি সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিলাম। তবে মহামান্য আদালত দম্পতির সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতের এই রায়ে নিহত বৃদ্ধের পরিবারে স্বস্তি ফিরলেও, নিজের বাবা-মায়ের বিরুদ্ধে সন্তানের এমন নৃশংসতার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্য।

























































































































