রাজীব গান্ধীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অমরপুর মাঠে অনুষ্ঠিত হল দু’দিনের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। রাজীব গান্ধী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান দীর্ঘ ৩৩ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে হয়ে আসছে। এবারের ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। দু’দিন ধরে চলা প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় অমরপুর সিদ্ধেশ্বরী ক্লাব ও ফুলপুকুর যুব সংঘ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে জয়লাভ করে অমরপুর সিদ্ধেশ্বরী ক্লাব চ্যাম্পিয়ন হয়। রানার্স হয় ফুলপুকুর যুব সংঘ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা।
রাজীব গান্ধী স্মৃতি সংসদের সভাপতি প্রতিম মিত্র জানান, সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ঋজু ঘোষ-সহ সুগন্ধা এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার প্রসার ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি রাজীব গান্ধীর স্মৃতিকে ধরে রাখতেই প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে।





















































































































