দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা,থাকছে বৃষ্টির ভ্রুকুটি।

আব্দুল রাহাজ-দৈনিক জনকণ্ঠ:শুরু হয়েছে ভারত বনাম স্বাগতিক শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে গল স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দাপটও দেখিয়েছে ভারত। ব্যাট হাতে দেবদত্ত পাড়িক্কল, কে এল রাহুল এবং ঋষভ পন্থের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে তরুণ প্রতিভাবান মানব সুথারের বিধ্বংসী বোলিংয়ে ভর করে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে সহজে হাল ছাড়েনি স্বাগতিক শ্রীলঙ্কাও। ব্যাট হাতে লড়াই করেছেন ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশারা। বল হাতে নজর কেড়েছেন প্রবাথ জয়সূর্য। সব মিলিয়ে প্রথম টেস্ট ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিপূর্ণ। এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে গেল ভারত। তাই প্রতিটি টেস্ট এখন দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আজ রবিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। প্রথম টেস্ট হেরে যাওয়া শ্রীলঙ্কার কাছে এটি সিরিজ বাঁচানোর লড়াই, আর ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি।
দুই দলই জয়ের জন্য মরিয়া থাকায় সমর্থকরা আরও একটি জমজমাট টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায়।
আজঃ
২য় টেস্ট – ভারত বনাম শ্রীলঙ্কা
ভেন্যু:সিংহলিজ স্পোর্টস ক্লাব, কলম্বো
সময়: সকাল ১০টা (ভারতীয় সময়)





















































































































