চূড়াভান্ডারে পালাবদলের বোর্ড, প্রধান কল্পনা উপপ্রধান অনিতা! আবির-মিষ্টিতে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

উৎপল রায়, ময়নাগুড়ি: রাজনৈতিক পালাবদলের পর এবার পঞ্চায়েতের বোর্ডেও বদলের ছবি। ময়নাগুড়ি বিধানসভার চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতে সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড গঠন করল বিজেপি। প্রধানের দায়িত্ব পেলেন কল্পনা কুঙ্গা, উপপ্রধান নির্বাচিত হলেন অনিতা রায়। বিজেপির ছয়জন পঞ্চায়েত সদস্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের সমর্থনে নতুন বোর্ড গঠিত হয়েছে বলে জানা গিয়েছে। প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই পঞ্চায়েত কার্যালয় চত্বর কার্যত পরিণত হয় উৎসবের মঞ্চে। আবির খেলা থেকে মিষ্টিমুখ, ফুলের মালা থেকে বিজয় মিছিল—উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মী-সমর্থকেরা। রাজনৈতিক পালাবদলের পর থেকেই চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার সমীকরণ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সোমবার সেই জল্পনার অবসান ঘটে। নির্ধারিত সময়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুরু হয় নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া। প্রশাসনিক নিয়ম মেনেই সম্পন্ন হয় গোটা প্রক্রিয়া। এরপর কল্পনা কুঙ্গার নাম প্রধান হিসেবে এবং অনিতা রায়ের নাম উপপ্রধান হিসেবে চূড়ান্ত হয়। জানা গিয়েছে, চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতে বিজেপির ছয়জন সদস্য রয়েছেন। তাঁদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের সমর্থন পাওয়ায় নতুন বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপির পক্ষে সমীকরণ স্পষ্ট হয়ে যায়। চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের আগের বোর্ড ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। ওই বোর্ডের প্রধান ছিলেন দিলীপ চন্দ্র রায়। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি প্রধানের পদ থেকে ইস্তফা দেন। প্রধানের পদ শূন্য হওয়ার পরই নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করে ব্লক প্রশাসন। এই পরিবর্তনকে ঘিরে সকাল থেকেই পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়তে থাকে। প্রধান ও উপপ্রধান নির্বাচনকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পঞ্চায়েত কার্যালয় চত্বরে মোতায়েন করা হয় ময়নাগুড়ি থানার পুলিশ বাহিনী। সকাল থেকেই এলাকায় পুলিশি নজরদারি ছিল। পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ ও বাইরে জমায়েতের ক্ষেত্রেও নজর রাখা হয়। প্রশাসনের নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা গিয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উৎসবমুখর হয়ে ওঠে। চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের প্রত্যাশা এখন অনেকটাই নতুন বোর্ডকে ঘিরে। রাজনৈতিক পরিবর্তনের পর নতুন নেতৃত্ব পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ কতটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে, সেদিকেই নজর সাধারণ মানুষের। স্থানীয় স্তরে রাস্তা, নিকাশি, পানীয় জল, আলো, যোগাযোগ ব্যবস্থা, আবাসন, সরকারি পরিষেবা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের নানা দাবি রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি তাঁরা চান দৈনন্দিন সমস্যাগুলিরও দ্রুত সমাধান। নতুন বোর্ডের সামনে সবচেয়ে বড় কাজ হবে মানুষের প্রত্যাশা পূরণ করা। পঞ্চায়েতের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করা, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং পঞ্চায়েত পরিষেবাকে আরও গতিশীল করাই এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে ময়নাগুড়ি বিধানসভার সাপ্টিবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করা হয়। প্রধান হয়েছেন কবিতা রায় বর্মন, উপপ্রধান মানিক রায়। সাপ্টিবাড়ি ২নং ও চূড়াভান্ডারে তাই রাজনৈতিক পালাবদনের পর নতুন অধ্যায়ের সূচনা হল। আবির-মিষ্টির উচ্ছ্বাস পেরিয়ে এখন সাধারণ মানুষের প্রত্যাশা—নতুন বোর্ড এবার কাজের মাধ্যমে কতটা আস্থা অর্জন করতে পারে।



















































































































