১৯৪১ সহ-শিক্ষক নিয়োগ করতে এসএসসি-র বিজ্ঞপ্তি প্রাথমিক-উচ্চ প্রাথমিকে শূন্যপদ ৫২৯৮

১৯৪১ সহ-শিক্ষক নিয়োগ করতে এসএসসি-র বিজ্ঞপ্তি
প্রাথমিক-উচ্চ প্রাথমিকে শূন্যপদ ৫২৯৮
নতুন পয়গাম, কলকাতা, ২২ আগস্ট: রাজ্যের স্বাস্থ্য দফতরে ৮ হাজার নিয়োগের পর এবার ১৯৪১টি সহ-শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেশন ক্ষেত্রে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
জানা গিয়েছে, টেট উত্তীর্ণরা আরও ভালে ফল করতে চাইলে এই পরীক্ষায় বসতে পারবেন। না হলে, আগের টেট শংসাপত্রের ভিত্তিতেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। সূত্রের খবর, উচ্চ প্রাথমিকে ২৫৮৪টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ৫৪৩টি পদ চুক্তিভিত্তিক কর্মরত শিক্ষকদের মাধ্যমে পূরণ করা হবে। ইতিমধ্যেই তাদের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিজ্ঞপ্তি।
সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদও ২৭ আগস্টের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশে বাধ্য। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৫২৯৮টি। অন্যদিকে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে আবেদনের সময় ১০ দিন বাড়ালেও পরীক্ষা পিছচ্ছে না এসএসসি।









































































































