রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন মুর্শিদাবাদ জঙ্গিপুরের কৃতি সন্তান সৌভিক চ্যাটার্জি

নতুন্ পয়গাম, জঙ্গিপুর
কোভিড মহামারীকালে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা, গঙ্গা ভাঙন পীড়িত মানুষের সহযোগিতা, ১০০০ বৃক্ষরোপণ- প্রভৃতি সমাজসেবা মূলক কাজের জন্য তাঁকে My Bharat National Service Scheme Award 2022-23 ( রাষ্ট্রপতি পুরস্কার) সম্মান প্রদান করা হয় রবিবার।
সৌভিক চ্যাটার্জী জঙ্গিপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কৃতী ছাত্র, এনএসএস ভলান্টিয়ার। তাঁর এই পুরস্কার প্রাপ্তিতে কলেজ কর্তৃপক্ষ উচ্ছ্বসিত। জঙ্গিপুর কলেজ অধ্যক্ষা প্রথিতা বিশ্বাস বলেন, “জঙ্গিপুর কলেজের প্রিন্সিপাল হিসেবে আমি খুবই গর্বিত, আসলে সৌভিক তার এক্সিলেন্সকে এমন পর্যায়ে নিয়ে গেছে যার যোগ্য সম্মান সে পেয়েছে। এ বছর জঙ্গিপুর কলেজের ৭৫ বছর পূর্তির বছর, এই ন্যাশনাল লেভেলের সম্মাননা পেয়ে সৌভিক আমাদের কলেজের মুকুটে আরেকটি পালক জুড়ে দিল। ওর ভবিষ্যত উজ্জ্বল হোক, আমার তরফে অনেক শুভকামনা রইল।”
সহকারি অধ্যক্ষ বিপ্লব দাস বলেন, “এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমাদের বর্তমান এবং নবাগত ছাত্রছাত্রীদের কাছে ওর এই পুরষ্কার প্রাপ্তি অত্যন্ত উতসাহব্যঞ্জক।”
সৌভিক চ্যাটার্জীর প্রতিক্রিয়া, “আমি সত্যি খুব আনন্দিত এত বড় একটা প্রাপ্তির জন্য। তবে এ কখনই আমার একার পুরস্কার নয় এ পুরস্কার আমাদের সকলের । এই পুরস্কার আরো দায়িত্ব আমার কাঁধে অর্পিত করলো। সমাজের প্রত্যেক স্তরের মানুষের অগ্রগতির জন্য লড়াই জারি থাকবে।”



















































































































