বাদুড়িয়ার প্রত্যন্ত এলাকার কাঁকড়া সুতির মেয়ে অলিম্পিকের দোরগোড়ায়

নতুন পয়গাম, বসিরহাট সংবাদদাতা: অদম্য মানসিকতা, কঠোর অনুশীলন ও ধারাবাহিক সাফল্যের জোরে অলিম্পিকের স্বপ্নের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার প্রত্যন্ত এলাকার কাঁকড়া সুতি গ্রামের কন্যা সুমনা সুলতানা। অল্প বয়সেই রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে আজ সে গোটা জেলার গর্ব। সুমনার বাবা খয়রুল ইসলাম ও মা সেলিমা বিবি। পরিবারের পূর্ণ সমর্থন ও অনুপ্রেরণাতেই এগিয়ে চলেছে তার ক্রীড়াজীবন। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি আগ্রহী সুমনা পড়াশোনার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছে।
তার ক্রীড়াজীবনের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালে। কলকাতার সল্টলেকের নবরাজনা স্টেট ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত ৬৮তম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রিড়া অনুর্ধ্ব ১৪ বালিকা বিভাগে (West Bengal State School Games- U-14) যোগাসন (Yogasana) ইভেন্টে ৪৭৩.৯০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ান হয় সে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৬ থেকে ৮ নভেম্বর ২০২৪। এরপর জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে সুমনা। ২০২৫ সালে ওডিশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত UCMAYPSF World Cup 2025-এ তাকে “Global Yoga Icon Award 2025” আন্তর্জাতিক সম্মানে ভূষিত করা হয়।ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, বর্তমান ফর্ম ও প্রস্তুতি বজায় থাকলে ভবিষ্যতে অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। সুমনার এই সাফল্যে কাঁকড়া সুতি সহ গোটা বাদুড়িয়া এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।





















































































































