কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ

নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনাঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর-এর উদ্যোগে মঙ্গলবার কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আয়ুষ মেলা। প্রথাগত অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও যোগের মতো বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই মেলার মূল লক্ষ্য। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে ভেষজ গুণসম্পন্ন নানা প্রজাতির গাছ বিতরণ করা হয় এবং স্বাস্থ্যরক্ষায় ভেষজ উপাদান ও আয়ুর্বেদিক ওষুধের উপকারিতা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে উৎসবের আমেজ এনে দেয়।
২০২৬ সালের আয়ুষ মেলার অন্যতম আকর্ষণ ছিল অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা। এছাড়া ভেষজ উদ্ভিদের প্রদর্শনী ও ব্যবহারবিধি নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় এই মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, ব্লক মেডিকেল অফিসার ডাঃ অয়ন্তিকা মণ্ডল, কুলতলি থানার আইসি স্বপন বিশ্বাস সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।




















































































































