‘এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন’ শাহী নির্দেশেই পুশব্যাক: মমতা

নতুন পয়গাম, কলকাতা:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, অমিত শাহের নির্দেশেই রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে। কোনো রাখঢাক না রেখে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুটো চোখই ভয়ঙ্কর। এমন কোনো কাজ নেই, যা উনি পারেন না। এক চোখে দুর্যোধন, আর অপর চোখে দুঃশাসন। সীমান্তে বিএসএফের ধারেকাছে কাউকে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে।
মমতা আরো বলেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা, মারধর, গ্রেফতার, পুশব্যাক করা হচ্ছে। রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাঙালিদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় তা আমরা জানি। তিনি স্পষ্টভাষায় সতর্ক করে বলেন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।’
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছুই করতে পারবেন না। বৈধ ভোটারের নাম বাদ গেলে অবস্থান ধর্মঘটে বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা আরো বলেন, এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করছে। কিন্তু কোনো ফল হবে না।




















































































































