প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়

নতুন পয়গাম, কলকাতা, ৩ অক্টোবর:
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের বনমন্ত্রী, তপশিলি ও আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি পদেও ছিলেন বনমালী রায়। ধূপগুড়ি থেকে পাঁচবারের বিধায়ক ছিলেন তিনি। দুর্গাপুজো চলাকালে মারা যাওয়ায় উৎসবের মধ্যেই রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এল। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান বাম নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। সিপিএমের জোনাল কমিটির সম্পাদক-সহ একাধিক দলীয় পদের দায়িত্বেও ছিলেন তিনি। দলের বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং ফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষনেতারা এবং রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী।
বনমালী রায় ছিলেন জলপাইগুড়ি জেলার বাম আন্দোলনের অত্যন্ত পরিচিত নাম ও অগ্রণী মুখ। ১৯৭৭ সাল থেকে পরপর পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ১৯৮২ সালে তপশিলি ও আদিবাসী দপ্তরে এবং ১৯৮৭ ও ১৯৯২ সালে বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন। ২০০৩ সালে তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন। পার্টি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। শোক জ্ঞাপন করেছেন জলপাইগুড়ি জেলার সিপিএম সম্পাদক পিযুষ মিশ্র, ধুপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জিয়াউল আলম, প্রাক্তন সংসদ জীতেন দাস প্রমুখ।







































































































