জাপানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী

নতুন পয়গাম, টোকিও:
জাপানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি। রাজনীতিতে তাঁর আইকন ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তারপর ব্রিটেনে মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন টেরেসা মে, লিজ ট্রাস। কিন্তু জাপানে এই প্রথম কোন মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন। ভারতে ইন্দিরা গান্ধী একাধিকবার প্রধানমন্ত্রী হলেও আমেরিকায় এখনও মহিলা প্রেসিডেন্ট হননি। হিলারি ক্লিন্টন এবং কমলা হ্যারিস প্রার্থী হলেও তাঁরা জয়ীে হতে পারেননি।
যাহোক, জাতীয় সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা ইস্যুকে হাতিয়ার করে এশিয়ার তথ্য প্রযুক্তির অন্যতম শীর্ষদেশ জাপানের রাজনীতিতে পসার জমান সানায়ে তাকাইচি। অবশেষে শাসক দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি তাঁকেই প্রধানমন্ত্রী পদে মনোনীত করল। দলীয় প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে হারিয়ে দলনেতা হলেন ৬৪ বছরের তাকাইচি।
সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিন পরেই শিগেরু ইশিবার কাছ থেকে দায়িত্ব নেবেন জাপানের অগ্নিকন্যা সানায়ে তাকাইচি। কিন্তু তাঁর্য সামনে বড় চ্যালেঞ্জ হল অর্থনীতি। প্রধানমন্ত্রী পদে বসার পর দেশের অর্থনীতিকে চাঙ্গা করার গুরুদায়িত্ব সামলাতে হবে তাকে। উল্লেখ্য, বছর তিনেক আগে প্রকাশ্য সমাবেশে ভাষণ দেওয়ার সময় জাপানের জনপ্রিয় প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। তারপর আরো দুজন প্রধানমন্ত্রী বদলেছে জাপান।





















































































































