মণিপুরে ফের কুকি-নাগা সংঘর্ষ, নিহত ৩ জন

নতুন পয়গাম, গুয়াহাটি, ২৪ এপ্রিল: মণিপুরের উখরুল জেলায় নতুন করে শুরু হওয়া কুকি-নাগা জাতিগত সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে মুল্লাম ও শংফাল এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন কুকি সম্প্রদায়ের এবং একজন তাংখুল নাগা সম্প্রদায়ের বলে জানা গেছে।
কুকি মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ঘুমন্ত গ্রামবাসীদের ওপর সশস্ত্র নাগাগোষ্ঠী হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে, নাগা ভিলেজ গার্ড এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কুকি বিদ্রোহীদের অতর্কিত হামলায় তাদের এক স্বেচ্ছাসেবী নিহত হওয়ার পর তারা পাল্টা জবাব দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এলাকা পরিদর্শন করলেও থমথমে পরিবেশ বজায় রয়েছে।
মণিপুরের এই জ্বলন্ত পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে মণিপুর অশান্ত থাকলেও প্রধানমন্ত্রী সেখানে একবার মাত্র যাওয়ায় মণিপুরীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিরোধীদের অভিযোগ, মণিপুরবাসীর আর্তনাদ না শুনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যখন উখরুলে লাশের পাহাড় জমছে, তখন মোদী-শাহের এই ‘ভোট রাজনীতি’ও মণিপুর নিয়ে নীরবতাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন অনেক বিশ্লেষক।











































































































