মার্কিন নিষেধাজ্ঞা মানবতাবিরোধী অপরাধ: ইরান

নতুন পয়গাম, তেহরান: ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে সেগুলোকে ‘অবৈধ, অমানবিক এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে তেহরান। শুক্রবার এক বিবৃতিতে একথা জানায় ইরানের বিদেশ মন্ত্রক। দফতরের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, রাষ্ট্রসংঘের জনারেল অ্যাসেম্বলিতে গৃহীত প্রস্তাব অনুযায়ী চলতি বছর থেকেই ৪ ডিসেম্বরকে একতরফা নিষেধাজ্ঞা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হচ্ছে। দিনটি আবার ১৯৮৬ সালের ৪ ডিসেম্বর গৃহীত উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণার সঙ্গেও যুক্ত।
বাঘাই জানান, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই আরোপিত একতরফা অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন-সহ মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। ইচ্ছাকৃতভাবে জনজীবন ও সাধারণ মানুষের কল্যাণকে নিশানা করায় এসব নিষেধাজ্ঞা কার্যত মানবতার বিরুদ্ধে অপরাধ।
তিনি আরো বলেন, উন্নয়নশীল দেশগুলোর জনগণের ওপর অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ ধরনের অপরাধ করেছে এবং এ জন্য তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।



















































































































