৩ মাসের মধ্যে মাধ্যমিকের ফল

নতুন পয়গাম, কলকাতা: এবারও পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে জল্পনা ক্রমশ বাড়ছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নানা আলোচনা চললেও, মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা. রামানুজ গঙ্গোপাধ্যায়।
শনিবার বীরভূম সফরে গিয়ে তিনি জানান, প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শেষের আনুমানিক ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পর্ষদ সভাপতি জানান, ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি।সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ফলপ্রকাশের তারিখ জানানো হবে। ফলে নির্বাচন বা অন্য কোনও কারণে ফলপ্রকাশে বিশেষ বিলম্ব হওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলছে।
মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তিনি বোলপুরে দুটো স্কুল বা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। স্কুলগুলির পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এই স্কুলগুলি রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলির কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এ বছর মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এর মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। ২৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলছে।




















































































































